প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমন ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত প্রায় সাড়ে ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।

 

মির্জা ফখরুল বলেন,“দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত। তার ফিরে আসা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে আরও এগিয়ে যাওয়ার বার্তা দেবে।”

 

তিনি আরও জানান, রাজনৈতিক অস্থিরতার নানা বাঁধা-বিপত্তি অতিক্রম করেই তারেক রহমান দেশে ফিরছেন। ফখরুলের বিশ্বাস—তার উপস্থিতি চলমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে ভূমিকা রাখবে।

 

উল্লেখ্য, ২০০৭ সালে এক–এগারোর সময় গ্রেপ্তার হয়ে এক বছর কারাবন্দী থাকার পর ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান তারেক রহমান। সেখানেই দীর্ঘদিন অবস্থান করছেন তিনি। গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন মামলায় তার সাজা বাতিল বা অব্যাহতি পেতে শুরু করেন। এরপর তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা জোরদার হয়।

 

বিএনপি নেতারা গত কয়েক মাস ধরে তারেক রহমানের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেও এবারই প্রথম নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হলো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা