আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী সশস্ত্র হামলার শিকার হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কোমায় আছেন বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ।
চিকিৎসক জানান, হাদীর মাথায় গুলির ক্ষত রয়েছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরের কালভার্ট এলাকার কাছে মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানান তার সহকর্মীরা। আহত অবস্থায় তাকে দ্রুত ২টা ৩৫ মিনিটে ঢামেকে আনা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক নিশ্চিত করেন যে গুলিবিদ্ধ অবস্থায় হাদীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাদীর রাজনৈতিক সহকর্মীরা হাসপাতালের বাইরে সাংবাদিকদের জানান, তার জন্য জরুরি ভিত্তিতে বি নেগেটিভ রক্তের প্রয়োজন।
এদিকে, ঘটনাস্থল ও ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি বলেন, “বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে তথ্য পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে গেছে, নিশ্চিত তথ্য পেলে জানানো হবে।”
হামলার সময় হাদী নির্বাচনী প্রচারণায় ছিলেন বলে জানা যায়।