প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদী গুলিবিদ্ধ হওয়ার পর কঠোর সতর্কবার্তা ভিপি সাদিক কায়েমের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তেজনার মধ্যেই গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, দুপুর আড়াইটার কিছু পর আহত অবস্থায় হাদীকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলির আঘাত পাওয়া গেছে এবং অবস্থাকে আশঙ্কাজনক বলে জানান তিনি।

 

এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লেখেন, “ওসমান হাদীকে গুলি করা হয়েছে। রাজধানীকে চাঁদাবাজ ও গ্যাংস্টারদের দখল থেকে মুক্ত করতে খুব দ্রুতই আমাদের আন্দোলন শুরু হবে। ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।”

 

এর আগে গত ১৩ নভেম্বর একাধিক বিদেশি নম্বর থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন ওসমান হাদী। তিনি দাবি করেছিলেন, ফোনকলে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সময় তিনি লেখেন, “যে কোনো পরিস্থিতিতেই ন্যায়বিচারের লড়াই থেকে এক চুলও সরে যাব না।”

 

তার অভিযোগের বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা