ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সদ্য পদত্যাগী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তার ক্যাপশনে তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সাধারণ মানুষের সমর্থন কামনা করেন। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত এ আসনটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা।
এর আগে বুধবার তিনি উপদেষ্টা পরিষদের পদ ছাড়েন। পদত্যাগের ঠিক আগের দিন ধানমন্ডিতে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ঢাকার একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চান। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই চূড়ান্ত করলেন তিনি।
নির্বাচন ঘিরে আসিফ মাহমুদের প্রার্থিতা এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা হওয়ায় অনেক তরুণ ভোটারের নজরও এখন তার দিকে।