বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতা–কর্মীদের প্রতি নতুন নির্দেশনা দিয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি বলেন, বৃহস্পতিবার ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানাই। একটি সুষ্ঠু ও সফল নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব যৌক্তিক সহযোগিতায় জামায়াত প্রস্তুত রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী আচরণবিধি (আরপিও) অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের নিজ উদ্যোগে সকল ধরনের প্রচার–সামগ্রী অপসারণ করতে হবে। এজন্য সবাইকে যথাযথভাবে নির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।