প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাকিব-তাহমিদ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন 

চবি প্রতিনিধি 
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫

তেজগাঁও কলেজে সাকিবকে হত্যা এবং চট্টগ্রামে তাহমিদকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯ টা ৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জিরো পয়েন্টে শিক্ষার্থীরা সাকিব-তাহমিদ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন।

 

মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমান বলেন, “এক সাঈদের রক্ত ফ্যাসিস্টের প্রাসাদ ধ্বসিয়ে দিয়েছে। একদল আবার আমাদের ছাত্রদের রক্ত ঝড়ানো শুরু করেছে। তেজগাঁওয়ে সাকিবকে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে তাহমিদকে হত্যা করা হয়েছে। আপনারা সচেতন হোন। তা না হলে আপনাদের পরিণতিও পতিত ফ্যাসিস্টদের মতোই হবে।”

 

আপ বাংলাদেশের ছাত্র নেতা রবিউল হাসান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা এই রক্তপাত চাইনি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আমরা চেয়েছি এক বুদ্ধিবৃত্তিক বাংলাদেশ। মীর সরাইয়ের বিএনপির নেতাকর্মীরা আমাদের ভাই তাহমিদকে রক্তাক্ত করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

 

আপ বাংলাদেশ – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব মঈনউদ্দীন চিশতী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রথম অলিখিত চুক্তি ছিলো যে, ক্যাম্পাসে কোনো সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না। কিন্তু, আমরা তেজগাঁওয়ে দেখেছি বিএনপি-ছাত্রদলের নির্মমতা। আমরা এসব সন্ত্রাসীর বিচার চাই। আপনাদের কামড়াকামড়িতে শিক্ষার্থীরা মৃত্যুবরণ করবে তা জুলাইয়ের ছাত্র সমাজ মেনে নিবে না।”

 

ছাত্রনেতা তাহসান হাবিব বলেন, “সাকিব হত্যার মধ্য দিয়ে ছাত্রদল ক্যাম্পাসে আবার খুনের রাজনীতি শুরু করেছে। আমাদের ভাই তাহমিদকে তুচ্ছ ঘটনায় হত্যা করা হয়েছে। তারেক রহমান কী লন্ডন থেকে এসব খুন আর চাঁদাবাজির বৈধতা দিচ্ছেন? যদি তাই হয়ে থাকে, তাহলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা বাদ দেন।”

 

শিক্ষার্থীরা মানববন্ধনে “ছাত্রদলের গুন্ডারা, হুশিয়ার সাবধান।”, “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “আমার ভাই মরলো কেন? বিএনপি জবাব দে” প্রভৃতি স্লোগান দেন।

 

উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে আইসিউতে ইন্তিকাল করেন সাকিবুল হাসান রানা। অন্যদিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)–এর গাজী তাহমিদ খান নামে এক নেতার মৃত্যু হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা