ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া prerecorded ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল প্রকাশ করবেন। আগারগাঁও নির্বাচন ভবনে বুধবারই তার ভাষণ রেকর্ড করেছে বিটিভি ও বাংলাদেশ বেতার।
তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ৩০০ সংসদীয় আসনের জন্যই আজ তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের তারিখও আজকের ভাষণেই জানিয়ে দেওয়া হবে। তবে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের মতে, ভোট ৮ বা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে।
রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বিকেলে সিইসি নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা বঙ্গভবনে যান। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে ভোটার তালিকার হালনাগাদ, রাজনৈতিক দল নিবন্ধন, ব্যালট পেপার প্রস্তুতি, ভোট গণনা প্রক্রিয়া এবং ‘আউট অব কান্ট্রি’ ও ‘পোস্টাল ভোটিং’ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
ইসি সচিব জানান, সম্প্রতি ভোটের সময়সীমা সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বাড়ানো হয়েছে—রাষ্ট্রপতি এ সিদ্ধান্তকে যথার্থ বলে মন্তব্য করেছেন।
এদিকে বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বিন্যাস বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে তফসিলে বড় ধরনের প্রভাব পড়বে না বলে মনে করছে নির্বাচন কমিশন। আদালতের আদেশ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় সংশোধন করা হবে।
এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। যার মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে ইসি।
আজকের তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ, জমা, বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটের দিনসহ সব প্রক্রিয়ার তারিখ ঘোষণা করা হবে। তবে গণভোটের ক্ষেত্রে কেবল ভোটের দিনটি উল্লেখ থাকবে।