প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অস্ত্রের মুখে নৈশ প্রহরী জিম্মি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে ভয়াবহ লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া ডাইলা বাড়ি মোড় এলাকায় ঠিকাদার প্রতিষ্ঠানের পয়েন্টে থাকা ২২টি বিটুমিন ড্রাম লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় নৈশ প্রহরীর বুকে পিস্তল ঠেকিয়ে তাকে জিম্মি করে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

 

মেসার্স কাউসার অ্যান্ড ব্রাদার্সের নৈশ প্রহরী আনোয়ার হোসেন ও মিক্সার ড্রাইভার আব্দুল মজিদ জানান, একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের কাছে থাকা দুইটি মোবাইলফোন ও নগদ দুই হাজার টাকা লুট করে নেয়। এরপর তাদের প্রায় দেড় ঘণ্টা বন্দুকের মুখে জিম্মি করে রাখে। একই সময়ে ঠিকাদার প্রতিষ্ঠানের স্থানে রাখা প্রতিটি ১৫০ কেজি ওজনের বিটুমিন ড্রামের মধ্যে থেকে ২২টি ড্রাম কাঠের সিঁড়ি ব্যবহার করে ট্রাকে তোলা হয়।

 

স্থানীয় চা দোকানি হাবিবুর রহমান হবি জানান, গভীর রাতে কয়েকজন ব্যক্তি তার দোকানে সিগারেট কিনতে আসে। পরে বাইরে বের হলে দেখেন, ট্রাকে বিটুমিন লোড করা হচ্ছে। দুর্বৃত্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বাধ্য করে।

 

ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও এসআই বিকাশ চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, এক কোটি ১৩ লাখ টাকার সড়ক কার্পেটিং প্রকল্পের জন্য বিটুমিনগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে হুমায়ুন কবীর সরবরাহ করেছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা