অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম আনুষ্ঠানিকভাবে তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা পদত্যাগপত্র জমা দেন বলে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।
প্রেস সচিবের পাঠ করা প্রধান উপদেষ্টার লিখিত বিবৃতিতে বলা হয়, জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করতে তারা যে ভূমিকা রেখেছেন তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ড. ইউনূস আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তারা সক্রিয় ভূমিকা রাখবেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আজকের এই সিদ্ধান্ত একটি নতুন রূপান্তরের সূচনা। খুব অল্প সময়ে তারা জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা কখনো ভুলে যাওয়া যাবে না।” তিনি দুই উপদেষ্টার আগামীর সাফল্য কামনা করেন।
জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যোগ দেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে এবং আসিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর পদত্যাগের মধ্য দিয়ে উপদেষ্টা পরিষদে সদস্য সংখ্যা কমে দাঁড়ালো ২১ জনে।
–