আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্মরণীয় করে তুলতে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী এ নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার এক অনন্য সুযোগ।
বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রস্তুতি বিষয়ে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন। সভায় সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা যুক্ত ছিলেন।
ড. ইউনূস বলেন, “ইতিহাস আমাদের সামনে একটি বিরল সুযোগ এনে দিয়েছে। এটি সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারব; আর ব্যর্থ হলে জাতি পিছিয়ে পড়বে।”
তিনি অতীতের নির্বাচনগুলোর সমালোচনা করে বলেন, “বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে, কোনো বিবেকবান মানুষই সেগুলোকে প্রকৃত নির্বাচন বলবে না। জনগণের সঙ্গে প্রতারণা হয়েছে।”
তিনি ইউএনওদের উদ্দেশে আরও বলেন, “আগামী নির্বাচন শুধু আরেকটি সরকারি দায়িত্ব নয়—এটি একটি ঐতিহাসিক দায়িত্ব। আপনারা দায়িত্বশীল হলে সরকারও তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে।”
নির্বাচন ও গণভোট দুটিকেই জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন,“নির্বাচনের মেয়াদ পাঁচ বছর, কিন্তু গণভোটের প্রভাব হবে দীর্ঘ শত বছর। এর মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতের ভিত নির্মাণ করা যাবে।”
তিনি ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন করার ওপর জোর দিয়ে বলেন,“ভোটারদের পরিষ্কারভাবে জানাতে হবে—‘হ্যাঁ’ দিবেন, না ‘না’ দিবেন—মন ঠিক করে কেন্দ্রে আসুন।”
ড. ইউনূস কর্মকর্তাদের ‘ধাত্রী’র সঙ্গে তুলনা করে বলেন,“ধাত্রী যত ভালো, জন্ম নেওয়া শিশুও তত ভালো হয়। তাই সব পরিস্থিতি মোকাবিলায় আপনাদের সৃজনশীল ভূমিকা রাখতে হবে। অপতথ্য ও গুজব রোধেও দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন,“নারীরা যেন নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে।”
তিনি জানান যে খুব শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং ইউএনওদের এখন থেকেই কেন্দ্র পরিদর্শন, সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় ও দায়িত্ব বণ্টনের বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করার পরামর্শ দেন।
সভায় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রেসসচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।