আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে যেকোনো ধরনের অনুমোদনহীন সমাবেশ ও আন্দোলন না করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তফসিল ঘোষণার পর অরাজনৈতিক বা রাজনৈতিক যেকোনো বেআইনি সমাবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সরকার জানায়, ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন নিরাপত্তায় সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মাঠে থাকবে—যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োজনা। এছাড়া নির্বাচনী দায়িত্বে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত দেড় বছরে দুই হাজারের বেশি আন্দোলন-বিক্ষোভের মধ্য দিয়ে বিভিন্ন দাবি সরকারকে জানানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এখন দেশ নির্বাচনমুখী সময়ের মধ্যে রয়েছে, তাই পরিস্থিতি স্থিতিশীল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।