প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড ঘটনায় গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে হত্যার ঘটনায় নতুন নিয়োগ পাওয়া গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মামলা করেছেন নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম। তবে ঘটনার প্রায় একদিন পার হলেও সন্দেহভাজন আয়েশাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় আজিজুল ইসলাম জানান, পেশায় শিক্ষক হওয়ায় তিনি প্রতিদিনের মতো সকালে কর্মস্থল উত্তরায় যান। ওই সময় বাসায় স্ত্রী লায়লা ফিরোজ ও নবম শ্রেণির মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ ছিলেন।

অনেকবার ফোন করেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় তিনি বেলা ১১টার দিকে বাসায় ফেরেন। বাসায় ঢুকেই দেখতে পান স্ত্রী রক্তাক্ত অবস্থায় নিথর পড়ে আছেন। আর মেয়ে গলায় আঘাত নিয়ে মেইন গেটের কাছে অচেতন অবস্থায় পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে—মাত্র চার দিন আগে আয়েশা নামে ওই নারী খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে একটি ব্যাগ, মেয়ের মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকারসহ নানা মূল্যবান জিনিস নিয়ে বেরিয়ে যান। বের হওয়ার সময় তাকে স্কুল ড্রেস ও মাস্ক পরে থাকতে দেখা যায়।

তদন্ত কর্মকর্তারা জানান, বাসার বাথরুম থেকে রক্তমাখা একটি সুইচ গিয়ার ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, হত্যার পর গৃহকর্মী বাথরুমে গোসল করে রক্তের দাগ মুছে ফেলে স্কুল ড্রেস পরে পালিয়ে যায়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, মামলা নথিভুক্ত হয়েছে এবং এসআই শহিদুল ওসমান মাসুমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আসামিকে ধরতে অভিযান চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা