বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে সিসিইউতে নেওয়া হয়। এখনো সেখানে রেখেই চিকিৎসা চলছে।
দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি প্রতিদিনই হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন।
চিকিৎসক সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় তেমন কোনো অগ্রগতি নেই। নিয়মিত কিডনি ডায়ালাইসিস চলছে। ডায়াবেটিস, কিডনি, লিভার ও ফুসফুসের বিদ্যমান জটিলতাগুলো আগের মতোই রয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান— “ম্যাডামের অবস্থা আগের মতোই স্থিতিশীল। নতুন কোনো পরিবর্তন নেই।”
মেডিকেল বোর্ডের সদস্যরা মনে করছেন, তার শারীরিক অবস্থা এখনো ফ্লাই করার উপযুক্ত নয়। এ কারণে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। দেশের মধ্যেই চিকিৎসা চালিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
একজন চিকিৎসক বলেন, “এ মুহূর্তে ম্যাডামকে বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা নেই। তাই একাধিকবার লন্ডন ট্রাভেল প্ল্যান পিছিয়েছে এবং এখন তা সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে।” পরিস্থিতি উন্নত হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানানো হয়।