ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে ইতোমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের সর্বশেষ আপডেট অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ২ লাখ ৭৪ হাজার ৩০৮ জন প্রবাসী ভোটার।
ইসি জানায়, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ২৭ এবং নারী ভোটার ২২ হাজার ৯৫ জন। দেশভেদে সৌদি আরব থেকে সর্বোচ্চ ৭৪ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। যুক্তরাষ্ট্র, কাতার, ইউএই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, কানাডা, দক্ষিণ কোরিয়া, ওমান, অস্ট্রেলিয়া, ইতালি ও জাপান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসীরা যেন সঠিক ঠিকানা প্রদান করেন, তা নিশ্চিত করতে হবে। কারণ ভুল ঠিকানা দিলে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না। প্রয়োজনে প্রবাসীরা কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করতে পারবেন।
প্রবাসী ভোটারদের সুবিধার কথা বিবেচনা করে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ইসি সচিবালয় জানিয়েছে, বিশ্বের যেকোনো দেশ থেকে অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করা যাবে।
গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট গ্রহণের জন্য যে দেশে অবস্থান করছেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে।