আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুর্নীতিগ্রস্ত ও চাঁদাবাজ ব্যক্তিদের ভোট না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
দুদক চেয়ারম্যান বলেন, জনগণ যদি সর্বস্তরে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করে, তাহলে দেশে দুর্নীতির বিস্তার অনেকটাই কমে আসবে এবং দুদকের ওপর চাপও হ্রাস পাবে। তিনি আরও উল্লেখ করেন, সমাজের নানা স্তরে দুর্নীতি এতটাই গভীরভাবে ছড়িয়ে পড়েছে যে তা পুরোপুরি নির্মূল করা কঠিন। এ অবস্থায় তরুণ সমাজকে দুর্নীতি বিরোধী আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এর আগে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরবর্তী সময়ে দুদক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, কমিশনার মিঞা মুহাম্মাদ আলী আকবর আজিজীসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা, র্যাক সভাপতি আলাউদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক তাবারুল হক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।