জাপানের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকালে উপকূলের নিকটবর্তী গভীর সমুদ্রে এই কম্পন আঘাত হানে। প্রাথমিক হিসাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২।
আল জাজিরা ও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভূমিকম্পের পরই জাপান কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎস ছিল আওমোরি ও হোক্কাইডো উপকূলের কাছে গভীর সমুদ্রে। সম্ভাব্য সুনামির উচ্চতা তিন মিটার পর্যন্ত হতে পারে বলে সতর্কতা বার্তায় উল্লেখ করা হয়েছে।
এদিকে তার আগের দিন, শনিবার (৬ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাত এলাকায় ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে সেখানে সুনামি সতর্কতা জারি হয়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। আলাস্কা ও কানাডার ইউকন সীমান্ত অঞ্চলে কম্পনটি স্পষ্ট অনুভূত হয়।