নির্বাচন কমিশন (ইসি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় মোট ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করে।
এর আগে ২৮ সেপ্টেম্বর পর্যবেক্ষক হিসেবে কাজ করতে আগ্রহী ৭৩টি সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ বা আপত্তি ২০ অক্টোবরের মধ্যে জমা দিতে আহ্বান জানানো হয়। পরবর্তী সময়ে দাবি-আপত্তি নিষ্পত্তির পর প্রথম ধাপে ৬৬টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়, যাদের নিবন্ধন কার্যকর হবে ৬ নভেম্বর ২০২৫ থেকে ৫ নভেম্বর ২০৩০ পর্যন্ত।
পরে দ্বিতীয় ধাপে আরও ১৫টি সংস্থাকে যাচাই-বাছাই শেষে অনুমোদন দেয় ইসি। এদের নিবন্ধন কার্যকর হবে ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত।
ইসি জানায়, নতুন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা অনুযায়ী পূর্বের ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।
উল্লেখযোগ্য যে, ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনের আগে প্রথমবার পর্যবেক্ষক নিবন্ধন প্রথা চালু করে ইসি। তখন ১৩৮টি সংস্থা মাঠে ছিল এবং ১ লাখ ৫৯ হাজারের বেশি পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। পরবর্তী নির্বাচনগুলোতে পর্যবেক্ষক সংস্থার সংখ্যা ধীরে ধীরে কমে আসে। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে ৯৬টি সংস্থা নিবন্ধিত ছিল।