লক্ষ্মীপুরের রামগতিতে জেএসডির নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়া নেতাকর্মীদের ওপর একাধিক স্থানে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজার এলাকা হয়ে সভাস্থলে যাওয়ার সময় এসব হামলা চালানো হয়। এতে দুইজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে অন্তত ১৬টি মাইক্রোবাস।
গুলিবিদ্ধ আব্দুল মান্নানকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন চরপোড়াগাছা ইউনিয়ন জেএসডি ছাত্রলীগ নেতা ফয়সাল, ইবনে হাসান মোহন, চররমিজ ইউনিয়নের হাসানসহ আরও অনেকে।
জানা গেছে, লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে জেএসডি প্রার্থীর পক্ষ থেকে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের বহনকারী গাড়িতে পথেই একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সভায় বক্তব্য দিতে গিয়ে জেএসডির সহ-সভাপতি তানিয়া রব হামলার নিন্দা জানান এবং দোষীদের প্রকাশ্য বিচারের হুঁশিয়ারি দেন।
রামগতি উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু অভিযোগ করে বলেন, “বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বিএম আশরাফ উদ্দিন নিজানের অনুসারীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে।” তবে ঘটনার বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।