নারায়ণগঞ্জের আড়াইহাজারে র্যাব-১১–এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ এবং এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিশনন্দী ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি কাভার্ড ভ্যানে করে গাঁজা ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে পাচার হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেয় র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি দল। সন্দেহজনক ভ্যানটি থামিয়ে তল্লাশির সময় ড্রাইভার সঠিক তথ্য দিতে ব্যর্থ হলে গাড়ির পেছনের বডি খুলে দেখা যায় চারটি বস্তায় মোড়ানো মোট ৬৮ কেজি শুকনো গাঁজা।
এ ঘটনায় ভ্যানচালক শ্রী সাগর চন্দ্র দাস (২৮)–কে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কালামুড়িয়া এলাকায়।
র্যাব-১১ জানায়, জব্দকৃত মাদক ও কাভার্ড ভ্যানসহ আটক ব্যক্তিকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।