প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকার সৌন্দর্য ফেরাতে দক্ষিণ সিটির অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর চেহারা ফিরিয়ে আনতে অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরাতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (৮ ডিসেম্বর) সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে এ অভিযান চালু করে সংস্থাটি।

ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, শহরের বিভিন্ন স্থানে অনুমতি ছাড়া পোস্টার, ব্যানার, ফেস্টুন, দেওয়াল লিখন ও বিজ্ঞাপন লাগানোর কারণে নগরীর সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই এসব অপসারণে মাঠে নেমেছে দক্ষিণ সিটি।

তিনি আরও জানান, ধাপে ধাপে ডিএসসিসির আওতাধীন পুরো এলাকায় থাকা সব ধরনের অননুমোদিত ব্যানার, ফেস্টুন, পোস্টার, দেওয়াল লিখন, বিলবোর্ড ও নোটিশ সরিয়ে ফেলা হবে।

সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন–২০০৯-এর ৯২ ধারা, দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন–২০১২-এর ৩ ধারা এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি–২০২৫ অনুযায়ী নির্দিষ্ট স্থানের বাইরে এসব সামগ্রী লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এই বিধানের অংশ হিসেবে ২ ডিসেম্বর ডিএসসিসি শহরজুড়ে সব অননুমোদিত পোস্টার, ব্যানার ও বিজ্ঞাপন অপসারণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা