জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের দল এককভাবে ২০০ আসনে জিতলেও দেশের স্বার্থ, স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে জাতীয় সরকারই গঠন করবে।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ক্ষমতায় গেলে ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’ গড়ে তুলতে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নেয়াই হবে জামায়াতের লক্ষ্য।
ইইউ প্রতিনিধিরা রোহিঙ্গা সংকট, সবার নিরাপত্তা, নির্বাচনী ইশতেহার এবং নির্বাচন-পরবর্তী ১০০ দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে জামায়াত আমির তাদের আশ্বস্ত করেন।
ডা. শফিকুর রহমান জানান, জাতীয় সরকারে যোগ দিতে হলে দুটি মূল শর্ত থাকবে—
১. কেউ দুর্নীতি করবে না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবে না।
২. বিচারব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, দেশে ভোটারদের সচেতনতা এখনো পর্যাপ্ত নয়—এ কারণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নিলে বিভ্রান্তি ও জটিলতা বাড়তে পারে। তাই দুটি ভোট আলাদা করে নেওয়ার পরামর্শ দেন তিনি।
ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন অবশ্যই নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হওয়া উচিত।
সংখ্যানুপাতিক (PR) ভোটব্যবস্থার প্রতি দলের সমর্থন পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, জনস্বার্থেই এ দাবিটি করা হয়েছে এবং ক্ষমতায় গেলেও পিআর পদ্ধতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।