প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ধর্মের আড়ালে প্রতারণার চেষ্টা করছে একটি দল: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল—এমন অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার মতে, যাদের নীতি-আদর্শ বা উন্নয়নপরিকল্পনা নেই, তারা এখন ধর্মের নামে “ট্যাবলেট” বিক্রি করে জনমত অর্জনের চেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণ তাদের প্রকৃত চেহারা ইতোমধ্যে চিনে ফেলেছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আয়োজনে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “অনেকে পরিশ্রম ছাড়াই জান্নাতের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু মানুষ বোঝে সত্যিকারের পথ কোনটি। আমরা যদি রাষ্ট্র পরিচালনার পরিকল্পনাই আগে থেকে প্রস্তুত না করি, তাহলে নিজেরাই ব্যর্থতার পথে হাঁটছি।”

সালাহউদ্দিন আরও বলেন, বিএনপি ধর্মের নামে জনগণকে ভুল পথে নিতে চায় না। বরং দেশের উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণে দলটির সুস্পষ্ট পরিকল্পনা সাধারণ মানুষের কাছে তুলে ধরা জরুরি।

তার মতে, “বাংলাদেশের গণতন্ত্র মানেই বিএনপি। স্বাধীনতার ঘোষণাপত্র থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, ১৯৯০ সালের গণআন্দোলন, ১৯৯১ সালের সংসদীয় শাসনব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারের সূচনা—এসবই বিএনপির অবদান।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা