প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘ভুল তথ্য ছড়ানো বড় পাপ’—আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের বাইরে অবস্থানকারী প্রবাসীদের নিয়ে বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে, যা ইসলামেও মারাত্মক গুনাহ। তিনি স্পষ্ট করে জানান, প্রবাসীরা দেশে মাত্র ৬০ দিন থাকতে পারবেন—এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা।সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বিষয় তুলে ধরেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি প্রবাসীদের মোবাইল ফোন নিয়ে বৈষম্য করা হচ্ছে বলে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বাস্তবে প্রবাসীদের সুবিধা আরও বাড়ানো হয়েছে। আগে যেখানে নিজের ব্যবহৃত ফোনের সঙ্গে মাত্র একটি নতুন সেট আনা যেত, এখন প্রবাসী কর্মীরা ব্যবহৃত ফোনের পাশাপাশি দুটি নতুন ফোন আনতে পারবেন। এর বেশি আনলে অতিরিক্তটির জন্য নির্ধারিত কর দিতে হবে—এটাই নিয়ম।

তিনি আরও জানান, ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্য, শুধু প্রবাসীদের জন্য নয়। আগামী ১৬ ডিসেম্বর থেকে নতুন ফোনসেট ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেট রেজিস্ট্রেশন করতে হবে। দেশে অপরাধমূলক কার্যক্রমে অবৈধ মোবাইল ব্যবহারের প্রবণতা রোধ করতেই এই সিদ্ধান্ত—কাউকে হয়রানি করার উদ্দেশ্যে নয়।

ড. আসিফ নজরুল প্রবাসীদের উদ্দেশে আরও বলেন,“গুজব ও গিবত করা ইসলামের দৃষ্টিতে বড় অপরাধ। কেউ কেউ তো প্রচার করছে, প্রবাসীরা দেশে নাকি মাত্র ৬০ দিন থাকতে পারবে—যা সম্পূর্ণ মনগড়া। এমন মিথ্যাচারকে প্রতিরোধ করুন।”

তিনি জানান, প্রবাসীদের আরও কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর তিনি শিগগিরই জানাবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা