চব্বিশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সভাপতিসহ মোট ৭ জনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা যায়।
অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় বর্তমান সরকারের সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীসহ মোট ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে প্রায় পৌনে ১০টার দিকে কাশিমপুর ও কেরানীগঞ্জসহ বিভিন্ন কারাগার থেকে কঠোর নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে মামলাগুলোর অগ্রগতি নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হাজির হওয়া আসামিদের মধ্যে ছিলেন— সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলায়মান সেলিম, সাবেক এমপি ফারুক খান, সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, শুনানির পর মামলাগুলোর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।