১৯৭১ সালের ডিসেম্বরে চাঁদপুরের মুক্তিযোদ্ধাগণ দেশকে শত্রুমুক্ত করার জন্য গর্জে উঠে। হাজীগঞ্জে পাকবাহিনীর প্রবল প্রতিরোধের মুখোমুখি হয় তাঁরা। একটানা যুদ্ধ চলে প্রায় ৩৬ ঘন্টা।
তবে তাতে দুর্বল হয়ে পড়ে পাকিরা। অবশেষে তাদের কমান্ডিং অফিসার মেজর জেনারেল রহিম খানসহ তাদের সৈনিকরা হাজীগঞ্জ হামিদা জুটমিলসহ তাদের সবগুলো ক্যাম্প ছেড়ে পালাতে শুরু করে।
৭ ডিসেম্বর রাতে চাঁদপুর শহরে এসে জড়ো হয় তারা। এরপর নদীপথে গানবোট, লঞ্চ, স্টিমার যোগে নারায়ণগঞ্জসহ অন্যান্য জায়গায় রওয়ানা দেয়।ইতোমধ্যে চাঁদপুরের বিভিন্ন জায়গা মুক্ত করে আসা মুক্তিযোদ্ধারা তাদের নৌযানের উপর আক্রমণ চালায়। এতে বহু পাক সেনা হতাহত হয়। মেজর জেনারেল রহিম খানও আহত হন। তবে তার ভাগ্য ভালো ঢাকার দিক থেকে উড়ে আসা একটি হেলিকপ্টার তাকে উদ্ধার করে নিয়ে যায়।
বলা বাহুল্য হাজীগঞ্জ থেকে আসা পাকবাহিনী পালিয়ে যাবার প্রাক্কালে কোন প্রতিরোধ চেষ্টা চালায়নি দুর্বল হয়ে পড়ায়। তাই বলতে গেলে বিনা বাধায় ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত হয়। এদিকে ওইদিন সকাল থেকেই মুক্তিযোদ্ধাগণ চাঁদপুর মহকুমা শহরে জড়ো হতে থাকে। ১০টার দিকে মিত্রবাহিনীর ট্যাংক বহর লেঃ কর্ণেল সুট্টির নেতৃত্বে মহকুমা শহরটিতে প্রবেশ করে। সেসময় বিএলএফ বাহিনীর চাঁদপুর মহকুমা কমান্ডার রবিউল আউয়াল খান কিরণ হাজারো জনতার সামনে চাঁদপুর থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উড়িয়ে দেন বাংলাদেশের পতাকা।