প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৪ ঘণ্টায় পেঁয়াজের দামে মণপ্রতি ২ হাজার টাকা পতন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫

পাবনায় ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর পৌঁছানোর পর মাত্র একদিনে বাজারে ব্যাপক দরপতন দেখা দিয়েছে। শনিবারের তুলনায় রবিবার (৭ ডিসেম্বর) পাইকারি হাটে পেঁয়াজের মণপ্রতি দাম ২ হাজার থেকে ২৫শ টাকা পর্যন্ত কমে গেছে—যা স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

রবিবার সুজানগর ও আতাইকুলা হাটে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ ২২০০–২৬০০ টাকায় বিক্রি হয়েছে। পুরোনো হালি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩ হাজার থেকে ৩ হাজার ৩০০ টাকার মধ্যে।এর আগের দিন সাঁথিয়ার বনগ্রাম হাটে ওই একই পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪ হাজার–৪ হাজার ২০০ টাকায়, আর পুরোনো হালির দাম ছিল ৫ হাজার ৫৫০–৫ হাজার ৭০০ টাকা।

সুজানগর হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষক আবজাল হোসেন বলেন,
“দুদিন আগেও ৩৮০০–৪২০০ টাকা মণ দরে বিক্রি করেছি। আজ হাটে এসে দেখি ব্যাপারীরা সবাই ২২০০–২৫০০ টাকার মধ্যে দাম বলছে। এভাবে চললে দুদিন পরই পেঁয়াজের দাম ১ হাজার টাকায় নেমে আসবে।”

স্থানীয় কৃষকদের অভিযোগ—সার, শ্রমিক, কীটনাশকসহ উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় মণপ্রতি কমপক্ষে ৩ হাজার টাকা দর না পেলে তারা লাভবান হতে পারবেন না। এক বিঘাতে পেঁয়াজ উৎপাদনে ৬০–৬৫ হাজার টাকা খরচ হয়, আর বিঘাপ্রতি উৎপাদন হয় প্রায় ৫০ মণ। ফলে কম দামে বিক্রি করলে সরাসরি লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের।

চরতারাপুর, ভবানীপুরসহ বিভিন্ন এলাকার কৃষকরা বলেন,
“যখনই বাজারে দাম বাড়ে, তখনই সরকার বিদেশ থেকে পেঁয়াজ আনে। এতে বাজারে ধস নামে এবং কৃষক ন্যায্যমূল্য পায় না।”

কৃষকদের অভিযোগ, সার বাজারেও সিন্ডিকেট সক্রিয়। ১০৫০ টাকার সার ১৮০০ টাকায় কিনতে হচ্ছে, যার কারণে উৎপাদন ব্যয় আরও বেড়ে যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রাফিউল ইসলাম জানান,
“আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে সরকার মাঝে মাঝে আমদানির সিদ্ধান্ত নেয়। এতে দাম কমে গেলেও ২ হাজার–২২০০ টাকা মণ দরে কৃষকরা লাভ করতে পারবেন বলে আমরা আশা করছি।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা