বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা এখন দাবি করছে যে বিএনপিকে নাকি দেখা যায়নি—তাদের উদ্দেশে বলতে চাই, জাতি তাদের ১৯৭১ সালেই দেখেছে। স্বাধীনতার সময়ে হত্যাযজ্ঞ, লুটপাট ও নির্যাতনের ইতিহাস জনগণের অজানা নয়। তাই এবার নতুন করে দেখার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশে বর্তমানে দুর্নীতি, অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি মারাত্মকভাবে বেড়ে গেছে। সময়মতো ব্যবস্থা নেওয়া না গেলে উন্নয়ন ব্যাহত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তার দাবি, বাংলাদেশে দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম একমাত্র বিএনপি, এবং এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে দলটি বদ্ধপরিকর।
এসময় তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি এখন স্বৈরশাসকের মতো বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। অথচ বিএনপি সরকার থাকাকালে তারাই মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন। এতে প্রমাণ হয়—বেগম খালেদা জিয়ার দুর্নীতিবিরোধী অবস্থান সবসময়ই স্পষ্ট ছিল বলে মন্তব্য করেন তিনি।