মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ব্যাপক অভিযানে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪৩ বাংলাদেশি নারীসহ মোট ১৩৯ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।রোববার (০৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জালাল এমবি ও জালান পুডু এলাকায় ইমিগ্রেশন বিভাগের জেআইএম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি ১৩টি স্থানে একযোগে পরিচালিত হয়।
গ্রেপ্তারদের মধ্যে ১১২ জন নারী ও ২৭ জন পুরুষ রয়েছেন, যাদের বয়স ২০ থেকে ৬৫ বছরের মধ্যে। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আটক নারীদের অনেকেই যৌনপেশায় জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন ইনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথামান জানান, একই স্থান থেকে আরও ২০ স্থানীয় নাগরিককে আটক করা হয়েছে। তারা এসব অবৈধ কর্মকাণ্ড পরিচালনাকারী চক্রের দলনেতা বা সহায়ক হিসেবে কাজ করছিল বলে ধারণা পাওয়া গেছে।
জাতীয়তার ভিত্তিতে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— বাংলাদেশ: ৪৩ নারী, ১০ পুরুষ ,ইন্দোনেশিয়া: ৩ পুরুষ, ৪২ নারী ,ভিয়েতনাম: ১৭ নারী, ৮ পুরুষ ,ভারত: ৩ পুরুষ, ১ নারী ,শ্রীলঙ্কা: ১ নারী ,নেপাল: ৩ পুরুষ, ১ নারী ,মিয়ানমার: ১ নারী
স্থানীয় গণমাধ্যম জানায়, অভিযানে ১০ থেকে ১৫টি কক্ষ পাওয়া যায়, যা এসব অনৈতিক কার্যকলাপের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। তদন্তে স্থানীয় বাড়ির মালিকদের সম্পৃক্ত থাকার তথ্যও পাওয়া গেছে।
জেআইএম জানায়, ঘটনাটির সঙ্গে কোনো বড় সিন্ডিকেট জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে গ্রেপ্তার স্থানীয়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ঘটনার দ্রুত তদন্ত শুরু করা হয়েছে।