প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এই সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোটের তফসিল চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।রোববার (৭ ডিসেম্বর) ইসি কার্যালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার জানান, তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন, আর ভোটের পাঁচ দিন আগে সেই সংখ্যা আরও বাড়ানো হবে। পোস্টার অপসারণের জন্য তফসিলের পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে; নির্ধারিত সময়ে না সরালে কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন তিনি।

এ ছাড়া এবারের নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। প্রবাসী ভোটারদের জন্য সোমবার (৮ ডিসেম্বর) থেকে ব্যালট প্রিন্টিং শুরু করবে ইসি।

তিনি আরও বলেন, ভোটের দিনে থাকবে সাধারণ ছুটি। তবে ব্যাংক ও পোস্ট অফিস প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।

ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে—আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সাধারণত সকাল ৮টা থেকে ভোট চললেও এবার গণভোট যুক্ত হওয়ায় সময় বৃদ্ধি করা হচ্ছে।

ইসি সূত্রে জানা যায়, নির্বাচনের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র ও ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। যেহেতু একই দিনে ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে, তাই সময় বেশি লাগবে। ভোটকক্ষ বাড়ানোর প্রয়োজন আছে কি না তা বুঝতে সম্প্রতি রাজধানীর একটি কেন্দ্রে মক ভোটিং করা হয়।
সেখানে দেখা যায়—একটি ভোটকক্ষে একটির বদলে দুটি গোপন কক্ষ বসানো হলে অতিরিক্ত কেন্দ্র বাড়ানোর প্রয়োজন পড়বে না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা