চলতি বছরের নভেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত অক্টোবর মাসে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।
বিবিএস জানায়, এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের দামে কিছুটা উত্থান হয়েছে। নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ৭.৩৬ শতাংশ, যা অক্টোবর মাসে ছিল ৭.৮ শতাংশ। তবে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যদ্রব্যের বাজারে উল্লেখযোগ্য স্বস্তি দেখা গেছে—২০২৪ সালের নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল রেকর্ড ১৩.৮০ শতাংশ।
অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে সামান্য স্বস্তি মিলেছে। এ খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.০৮ শতাংশ, যা গত অক্টোবরে ছিল ৯.১৩ শতাংশ। গত বছরের একই সময়ে ছিল ৯.৩৯ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, মাসওয়ারি কিছুটা ওঠানামা থাকলেও গত বছরের তুলনায় এখন সার্বিক মূল্যস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রিত পর্যায়ে আছে। তবে তা এখনও ৮ শতাংশের ঘরে ঘোরাফেরা করায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ থেকেই যাচ্ছে।
অর্থনীতিবিদরা বলেন, মূল্যস্ফীতি এক ধরনের পরোক্ষ করের মতো কাজ করে। আয় অপরিবর্তিত থাকলে দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের প্রকৃত আয় কমে যায়। ফলে সংসার চালাতে অনেককে ব্যয় কমানো, ঋণ নেওয়া বা নানা সমন্বয় করতে বাধ্য হতে হয়। মজুরি আয় মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে না বাড়লে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ে।