প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশের কারণে উচ্চমাধ্যমিক শিক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে— এমন অভিযোগ তুলে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ গড়ে তুলেছে পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নিলে ব্যস্ত এই মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এর আগে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তাদের দাবি— স্কুলিং মডেল প্রত্যাহার করতে হবে এবং উচ্চমাধ্যমিকের স্বাধীন কাঠামো আগের মতো রাখতে হবে। পরে পাঁচ কলেজের শিক্ষার্থীরা একত্র হয়ে শাহবাগে অবস্থান কর্মসূচিতে যোগ দেন।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, “স্কুলিং মডেল চালু হলে আমাদের কলেজগুলোতে উচ্চমাধ্যমিক বিভাগ আর থাকবে না। আমরা আগে জানাতে নেমেছি, আজও নেমেছি। দাবি মানা না হলে আন্দোলন চলবে।”

অন্যদিকে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সাত সরকারি কলেজের শিক্ষার্থীরাও আজ নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। দীর্ঘদিন কোনো অগ্রগতি না হওয়ায় তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়— ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মতামত গ্রহণ ও কয়েক দফা বৈঠক হলেও সিদ্ধান্ত হয়নি, এতে দেড় লাখ শিক্ষার্থীর অনিশ্চয়তা আরও বেড়েছে। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

এর আগে ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গুজব ছড়িয়ে না দায়িত্বশীল আচরণের আহ্বানও জানানো হয় শিক্ষার্থীদের।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা