আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করার প্রাক্কালে আগামী রবিবার (৭ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি কর্মকর্তারা জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।
সভায় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি পোস্টাল ভোটের ব্যালট পেপার পরিবহনের সময়সূচি চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণা-পরবর্তী কার্যক্রমসহ প্রায় ১০টি গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে সভার আলোচ্য তালিকায়।
ইতোমধ্যে তফসিল ঘোষণার আগে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা, আন্ত মন্ত্রণালয় বৈঠকসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। প্রথা অনুযায়ী, ১০ ডিসেম্বর ইসির সদস্যরা রাষ্ট্রপতিকে সার্বিক প্রস্তুতি জানাতে বঙ্গভবনে যাবেন। এরপর কয়েক দিনের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তফসিল ঘোষণা করবেন।
এ ছাড়া নির্বাচনী নিরপেক্ষতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের ডিসি, ইউএনও এবং পুলিশ প্রশাসনের এসপি, ওসি পর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, রবিবারের সভাতেই তফসিল ঘোষণা নিয়ে সিদ্ধান্ত হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের নামও প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। তিনি নিশ্চিত করেন, আইন, বিধি ও নীতিমালার সব পরিবর্তন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি প্রার্থী, রাজনৈতিক দল ও ভোটারসহ সব অংশীজনের সহযোগিতা কামনা করেন তিনি।