প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বানারীপাড়ায় অসহায় বৃদ্ধ ফিরে পেলেন মাথা গোজার ঠাঁই

বরিশাল (বানারীপাড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের ভূমিহীন বৃদ্ধ আব্দুল মন্নান শেখ অবশেষে তার মাথা গোঁজার ঠাঁই ফিরে পেয়েছেন।

জানা যায়, ১৯৮৮-৮৯ সালে সরকার থেকে করপাড়া মৌজার সৃজিত খতিয়ান নং ২৮৪/৪২৯ দাগে ৩৫ শতক জমি বন্দোবস্ত পান মন্নান শেখ। কিন্তু দীর্ঘদিন ধরে জায়গাটি দখলে ছিল স্থানীয় বাদশা সরদার, বাবুল সরদার ও ফেরদৌস মুন্সি। তারা সেখানে পাকা ও আধা-পাকা ঘর তুলে বসবাস করছিলেন।

মন্নান শেখ জানান, প্রতিপক্ষের হুমকি ও মামলা-হয়রানির ভয় থাকায় তিনি জমিটি দখলে নিতে পারেননি। কয়েক মাস আগে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান এর কাছে জমি বুঝে পেতে আবেদন করেন।

পরে সার্ভেয়ারের তদন্তে মন্নান শেখের কাগজপত্র বৈধ প্রমাণিত হওয়ায় তিনিই প্রকৃত মালিক হিসেবে চিহ্নিত হন। দখলদারদের একাধিকবার জায়গা ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তারা তা মানেননি।

এর পরিপ্রেক্ষিতে ৪ ডিসেম্বর সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব ঘটনাস্থলে গিয়ে আনুষ্ঠানিকভাবে মন্নান শেখকে জমির দখল বুঝিয়ে দেন এবং অবৈধ দখলদারদের সরে যেতে নির্দেশ দেন।

সেদিনই স্থানীয়দের সহায়তায় মন্নান শেখ তার জায়গায় টিনের ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। তবে জমির কিছু অংশে দুই পরিবার পাকা ঘর তুলে থাকায় তাদের সরিয়ে দেওয়ায় জটিলতা রয়ে গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা