প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ায় শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা–ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইঞ্জিন থেকে জ্বালানি তেল ও মবিল বের হতে দেখা যায়।

যাত্রীদের একাংশ জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনটি কাওরাইদ স্টেশনে বিরতি দিয়ে এগিয়ে যাওয়ার পরপরই ইঞ্জিনে প্রচণ্ড শব্দ হয়। এর কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনের গতি কমে আসে এবং ছিটকে বের হওয়া মবিল যাত্রীদের গায়েও লাগে। পরিস্থিতি আতঙ্কজনক হয়ে উঠলে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদে সরে যান।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে যায় এবং ইঞ্জিন বিকলের কারণ যাচাই করে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়েছে। বিকল্প ইঞ্জিন পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এদিকে রুটের বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে আছে বলে তিনি জানান।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা