প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি প্রতিশ্রুতির রাজনীতিতে অটল: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপি সবসময়ই প্রতিশ্রুতি রক্ষার রাজনীতি বা ‘পলিটিক্স অব কমিটমেন্ট’–এ বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অতীতে যে প্রতিশ্রুতি দল দিয়েছে, তা বাস্তবায়নের নজির রয়েছে; ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অতীতে স্বামী মারা গেলে স্ত্রী মাত্র ১৫ বছর পেনশন পেতেন। কিন্তু ১৯৯০ সালে বিএনপি প্রতিশ্রুতি দেয়—স্ত্রী জীবিত থাকা পর্যন্ত পেনশনের টাকা দেওয়া হবে। ১৯৯১ সালে সরকার গঠনের পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। “এটাই বিএনপির নীতি, আবার ক্ষমতায় এলে সেই নীতি পুনরায় বাস্তবায়ন করা হবে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে অঙ্গীকারগুলো দিয়েছেন, সেগুলোও বাস্তবে রূপ পাবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তিনি প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন—“তার দেওয়া প্রতিশ্রুতিতে সামান্যতম বিচ্যুতিও হবে না।”

নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “যদি সত্যিই নির্বাচন করতে হয়, তাহলে রাজনৈতিক কার্যক্রম ও সভা-সমাবেশের সুযোগ দিতে হবে। না হলে নির্বাচন আকাশের তারা হয়ে থাকবে।”

তিনি জানান, তারেক রহমান প্রবাসে থেকেও প্রযুক্তির মাধ্যমে তৃণমূলে নিয়মিতভাবে দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। জনগণের প্রতি ভালোবাসা থেকেই তিনি যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন। “তিনি যখন সিদ্ধান্ত নেবেন, তখনই দেশে ফিরবেন—কোনো বাধা তাকে থামাতে পারবে না,” বলেন রিজভী।এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলও উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা