সামাজিক যোগাযোগমাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নাবিল ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নাবিলের বিরুদ্ধে গৃহীত তদন্ত কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। প্রতিবেদনের ভিত্তিতে তাকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।
এর আগে ৩০ জুন সংশ্লিষ্ট ঘটনায় নাবিলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।
প্রসঙ্গত, গত ২৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে নাবিলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।