প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কভার্ড ভ্যানে লুকানো ১০০ কেজি গাঁজা উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫

নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযানে কভার্ড ভ্যান ভর্তি একশ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্প। শনিবার (৬ ডিসেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে মরজাল বাজারসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, একটি হলুদ রঙের কভার্ড ভ্যান তল্লাশির সময় ভ্যানের ভেতরে কৌশলে লুকানো চারটি বড় প্লাস্টিকের বস্তা থেকে ১০০ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় গাড়ির চালকসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—যশোরের সাজেদুর রহমান ওরফে জনি (৪৫) এবং নীলফামারীর তরিকুল ইসলাম ওরফে রাজন (৩০)। তাদের কাছ থেকে নগদ ৯,৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১১ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, মাদক নির্মূলে র‍্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ সফলতা অর্জিত হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা