বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, মেডিকেল বোর্ড তার স্বাস্থ্যসুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায় বিদেশে নেওয়ার বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত জানানো সম্ভব হয়নি।
ডা. জাহিদ হোসেন বলেন, চিকিৎসকরা সতর্কভাবে প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় মেডিকেল ব্যবস্থাপনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি উন্নত হলে বিদেশে স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
‘খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকার এয়ার অ্যাম্বুল্যান্স প্রদান করা কথা ছিল। কিন্তু তাদের এয়ার অ্যাম্বুল্যান্সে কারিগরি ত্রুটি থাকায় সেটি আসেনি। তবে সেই অ্যাম্বুল্যান্স এলেও তখন খালেদা জিয়া ফ্লাই করার অবস্থায় ছিলেন না বলে মেডিক্যাল বোর্ড জানিয়েছিল।
তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বেগম জিয়াকে বিদেশে কবে নিয়ে যাওয়া হবে। তবে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত দেবে তাকে নেওয়া যাবে তখনই আমরা তাকে বিদেশে নিয়ে যাব।’
এ ছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।