খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে শিয়ালী পুলিশ ক্যাম্প থেকে ফেরদৌস হোসেন নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ক্যাম্পের বাথরুম থেকে গামছা পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় মরদেহ পাওয়া যায়।
ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জরুরি বিভাগে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।