ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দ্রুত বাড়ছে বিদেশ প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোটের নিবন্ধন। বিশ্বের নানা দেশে থাকা বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত আপডেট থেকে জানা যায়, অ্যাপটির মাধ্যমে প্রতিদিনই নতুন নিবন্ধনের সংখ্যা বাড়ছে। প্রবাসীদের জন্য সহজ ভোটদান পদ্ধতি চালুর পর থেকে এ উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে বলে কর্মকর্তারা মনে করছেন।
ইসি সূত্র বলছে, বিদেশে অবস্থানরত ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে পোস্টাল ভোটের সুযোগ বিস্তৃত করা হয়েছে। এজন্য অ্যাপ ব্যবহার করে নিবন্ধন থেকে শুরু করে ভোট প্রদানের প্রক্রিয়া পর্যন্ত সবকিছু সহজ করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আগের যেকোনো সময়ের তুলনায় এবার নিবন্ধন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি—যা আসন্ন জাতীয় নির্বাচনে তাদের সক্রিয় ভূমিকার ইঙ্গিত দিচ্ছে।