রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও হঠাৎ করে আবারও বেড়ে গেছে পেঁয়াজের মূল্য। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি কেজিতে ২০–২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। খুচরা পর্যায়ে স্থানীয় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজিতে।
ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়া এবং দাম বাড়ার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়েছে। তবে নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলে দামে স্বস্তি ফিরতে পারে বলে তাদের আশা।
শুক্রবার কারওয়ান বাজারে জানা যায়, পাবনার পেঁয়াজ ১৫০ টাকা এবং ফরিদপুরের পেঁয়াজ ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ভোক্তারা অভিযোগ করছেন, দেশের বাজারে যেখানে দাম ১৫০ টাকা, সেখানে প্রতিবেশী দেশে অনেক কম।
অনেক ব্যবসায়ী আমদানিকে এখনই বিকল্প হিসেবে দেখছেন না। এক বিক্রেতা জানান, “দাম যেভাবে বাড়ছে, নতুন পেঁয়াজ আসতে দেরি হলে আমদানির প্রয়োজন হতে পারে।”
এর আগে বাণিজ্য মন্ত্রণালয় ৫০০ টন পেঁয়াজ আমদানির পরিকল্পনা নিলেও কৃষি মন্ত্রণালয় তা স্থগিত করে জানায়—নভেম্বর থেকেই দেশি পেঁয়াজ বাজারে পাওয়া যাবে। কিন্তু প্রত্যাশার তুলনায় সরবরাহ কম থাকায় আবারও বাজার অস্থির হয়ে উঠেছে।
ইতিমধ্যে পাতাসহ নতুন পেঁয়াজ বাজারে দেখা যাচ্ছে, যার দাম ৭০–৮০ টাকা কেজি।
শীতকালীন সবজি বাজারে আসায় বেশ কিছু সবজির দাম কমেছে। ঢ্যাঁড়স, চিচিঙ্গা, পটল এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়; যা এক সপ্তাহ আগেও অন্তত ১০ টাকা বেশি ছিল।
বড় ফুলকপি ও বাঁধাকপি ৪০ টাকা, ছোটটি ৩০ টাকা দরে পাওয়া যাচ্ছে। তবে করলা আগের মতোই ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি, লাউ ও কচুর লতি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
শিমের দাম তিন সপ্তাহে ১৪০ টাকা থেকে নেমে বর্তমানে ৬০ টাকায় এসেছে। বেগুনের দামও স্থিতিশীল রয়েছে—লম্বা ও সবুজ বেগুন ৬০ টাকা, তাল বেগুন ৭০ টাকা।
দেশি গাজর ৫০ টাকা এবং দেশি টমেটো ১১০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। উচ্ছে এখন ১০০ টাকা কেজি। শসা ৮০ টাকা এবং পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের দামও বেশ কমেছে। আগে ৮০–১২০ টাকা থাকলেও এখন ৪০–৬০ টাকায় বিক্রি হচ্ছে।
রসুন ও আদার দাম ২০ টাকা বেড়েছে। চায়না রসুন ১৮০, দেশি রসুন ১০০ টাকা—দেশি আদা ১৬০ ও চায়না আদা ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ডিমের দাম আগের মতোই স্থিতিশীল—লাল ডিম ডজনপ্রতি ১২০ টাকা, সাদা ডিম ১১০ টাকা। হাঁসের ডিম ২১০ টাকা ডজন।
ব্রয়লার মুরগির দাম দুই সপ্তাহে প্রায় ২০ টাকা কমে এখন ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালি ২৬০ টাকা এবং হাইব্রিড সোনালি ২৩০ টাকা কেজি।
এক বিক্রেতা জানান, “বাজারে সরবরাহ বেশি, ক্রেতা কম—তাই দামে স্থিতিশীলতা এসেছে।”