প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে রাতে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা এখন পুরোপুরি নির্ভর করছে তার সর্বশেষ শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে কাতার আমিরের ব্যবহৃত এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়ার কথা থাকলেও প্রযুক্তিগত ত্রুটির কারণে উড়োজাহাজটি ঢাকায় পৌঁছাতে পারেনি।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর রাতেই মেডিকেল বোর্ড জানাবে—এ অবস্থায় তাকে বিদেশে নেওয়া সম্ভব কি না।

এদিকে জার্মানি থেকে একটি বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা রয়েছে, যা রোববার (৭ ডিসেম্বর) ঢাকায় আসতে পারে বলে জানা গেছে।

সবকিছু অনুকূলে থাকলে বেগম জিয়াকে লন্ডনের উন্নতমানের লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তি করা হবে। চিকিৎসাসঙ্গী হিসেবে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

এর আগে, অধ্যাপক ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, এন্ডোসকপির মাধ্যমে পাকস্থলীর ভেতরের রক্তক্ষরণ সফলভাবে নিয়ন্ত্রণে আনা গেছে। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়েছে।

প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসক ও দলের নেতাদের মতে, তার শারীরিক অবস্থা এখনও বেশ উদ্বেগজনক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা