প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা: ধর্ষণের অভিযোগে শিক্ষক ও শিক্ষিকা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্রী রুপা আক্তারের আত্মহত্যার ঘটনায় ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একই মাদ্রাসার দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নিহত শিক্ষার্থীর মা বেবী বেগম বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার (৫১) ও শিক্ষিকা খাদিজা বেগম (৩০)-এর বিরুদ্ধে মামলা করেন।

মামলার পরপরই পুলিশ শিক্ষিকা খাদিজাকে আটক করে। এর আগে বৃহস্পতিবার স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে প্রধান অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসানকে পুলিশের হাতে তুলে দেয়। পরে তিনি পুলিশ পাহারায় মাদারীপুরের রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। শুক্রবার তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

শুক্রবার সকালে বামনডাঙ্গা গ্রামের নিজ ঘরে রুপা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তিনি বামনডাঙ্গা আয়েশা সিদ্দিকা মহিলা হাফেজিয়া মাদ্রাসার পঞ্চম জামাতের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর মাদ্রাসা ছুটির পর শিক্ষক মাহমুদুল হাসান রুপাকে ধর্ষণ করেন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন সহকারী শিক্ষিকা খাদিজা। বাড়ি ফিরে রুপা ঘটনাটি পরিবারকে জানায় এবং এরপর থেকে আর মাদ্রাসায় যায়নি। বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও অভিযুক্ত শিক্ষক পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসায় মানসিক চাপে রুপা আত্মহত্যা করে বলে মা বেবী বেগম অভিযোগ করেন।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। দুই আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা