স্বৈরাচার পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার দিবস উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ৬ ডিসেম্বর এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এই দিনে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে এবং গণতন্ত্র ফিরে আসে দেশের রাজপথে।
তারেক রহমান উল্লেখ করেন, ১৯৮২ সালে এরশাদ অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে গণতান্ত্রিক ব্যবস্থা ছিন্নভিন্ন করে দেন। এর বিপরীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া টানা নয় বছর আপোষহীনভাবে সংগ্রাম করে স্বৈরাচারবিরোধী আন্দোলনকে বিজয়ের মুখ দেখান।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তিতে আরেকটি স্বৈরশাসনের পতন ঘটে। তারেক রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্রের বিরোধী শক্তি হিসেবে পরিচিত এবং শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে।
বাণীতে তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়া শেখ হাসিনার দুঃশাসনে অব্যাহত নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ জুলুম-অত্যাচারের কারণে তার স্বাস্থ্যের অবস্থা এখন সংকটাপন্ন। তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
একই সঙ্গে তিনি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গণতন্ত্রকে দৃঢ় করতে জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে স্বৈরশাসনের আর পুনরুত্থান না ঘটে।