সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে শুক্রবার বিকেল ৪টায় এই এন্ডোস্কোপি করা হয়।
চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, পরীক্ষায় দেখা গেছে—খালেদা জিয়ার পাকস্থলির রক্তক্ষরণ বন্ধ হয়েছে, যা চিকিৎসায় একটি ইতিবাচক অগ্রগতি।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ডা. আল মামুন এই তথ্য নিশ্চিত করেন।
এদিকে, খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার জন্য কাতারের আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি ঢাকাস্থ কাতার দূতাবাসও নিশ্চিত করেছে।
এর আগে একইদিন বেলা পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।
জানা গেছে, চিকিৎসা-সংক্রান্ত সকল প্রস্তুতি অনুকূলে থাকলে রোববার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারে।
তার সঙ্গে ভ্রমণ করবেন পরিবারের সদস্য হিসেবে জুবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। সঙ্গে থাকবেন মেডিক্যাল বোর্ডের সদস্য এবং নিরাপত্তা কর্মকর্তারা।