প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফান্ড মিললেই চালু হবে বন্ধ চিনিকল: শিল্প উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, দেশের বন্ধ থাকা চিনিকলগুলো খুব শিগগিরই পুনরায় চালু করা হবে, তবে এর জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা সংগ্রহের কাজ চলছে।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলে নতুন মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, চিনি শিল্পকে লাভজনক অবস্থানে নিতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। চিনিকলগুলো আধুনিকায়ন, উন্নত আখ বীজ উদ্ভাবন এবং উৎপাদনশীলতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

আদিলুর রহমান খান আরও জানান, স্থানীয় চিনি প্রক্রিয়াজাত না হওয়া পর্যন্ত আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য টিসিবির মাধ্যমে স্থানীয় চিনি বাজারজাত করা হচ্ছে। পাশাপাশি চিনিকলের অস্থায়ী শ্রমিকদের স্বাস্থ্যসেবাও সম্প্রসারণ করা হয়েছে।

 

উদ্বোধনের আগে তিনি আধুনিকায়নকৃত নতুন কারখানার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরে কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

 

চলতি মৌসুমে কেরু চিনিকলে ৭৬ হাজার টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন গড়ে ১১৫০ টন আখ প্রক্রিয়াজাত করা হবে এবং মিলটি ৭০–৭৫ দিন সচল থাকবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিএসএফআইসি’র চেয়ারম্যান রাশিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

অনুষ্ঠান শেষে সর্বোচ্চ আখ উৎপাদনকারী সাতজন চাষিকে পুরস্কৃত করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা