ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে একটি সিংহ বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে। বিষয়টি নিশ্চিত করেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।
তিনি জানান, সিংহটি এখনও চিড়িয়াখানার ভেতরেই অবস্থান করছে এবং তার চলাফেরা নিরাপদ দূরত্বে থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পশুটিকে অবশ করার জন্য বিশেষ অস্ত্র প্রস্তুত রাখা হয়েছে, সুযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে চিড়িয়াখানার অভ্যন্তর সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে।
সিংহটি কীভাবে বের হলো—এমন প্রশ্নে পরিচালক জানান, খাঁচার দরজায় তালা সঠিকভাবে না লাগানোর কারণেই এটি বাইরে চলে আসতে পারে। গ্রিল বা খাঁচা ভাঙার কোনো চিহ্ন নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।
ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে।