প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের অনিচ্ছা: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো ইতিবাচক কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“আমরা তাকে ফেরত চাইেছি, কারণ দেশের সর্বোচ্চ আদালত তাকে দণ্ড দিয়েছে। তবে ভারত থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে অযথা অনুমান করা ঠিক হবে না—সময়ই বলে দেবে।”

 

তিনি আরও জানান, এ ধরনের সংবেদনশীল বিষয়ে হঠাৎ করে পরিবর্তন আসে না। তাই সরকার ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে।

 

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। তবে তারেক রহমানের স্ত্রী দেশে পৌঁছেছেন বলে জানা গেছে। অন্যদিকে, খালেদা জিয়াকে আজ লন্ডনে নেওয়া হচ্ছে না—এয়ার অ্যাম্বুলেন্সে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় কিছুটা দেরি হতে পারে।

 

উত্তরাঞ্চলে উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি বলেন, নীলফামারীতে চীনা সহায়তায় এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে, যা শুধু দেশের মানুষেরই নয়, প্রতিবেশী ভারত ও ভুটানের নাগরিকদেরও চিকিৎসাসেবা দিতে পারে।

 

তৌহিদ হোসেন আরও বলেন, কর্মসংস্থান ও শিল্পখাত সম্প্রসারণ নিয়েও সরকার কাজ করছে। তবে সব সংস্কার বর্তমান সরকার শেষ করতে পারবে না; নির্বাচিত সরকারই এসব উদ্যোগ পূর্ণতা দেবে।

 

আরাকান আর্মির হাতে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি জানান, সংগঠনটি রাষ্ট্রীয় নয়, তাই তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা সম্ভব নয়। তবুও সীমান্ত নিরাপত্তা জোরদারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

 

চার দিনের সফরে তিনি শুক্রবার রংপুরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। শনিবার স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় এবং রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করার কথা রয়েছে। রোববার নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে তিনি ঢাকায় ফিরে আসবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা