প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিশেষ নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। বিমানবন্দর থেকে তার আসা, হাসপাতাল প্রবেশ সবজায়গায় কড়াকড়ি নিরাপত্তা আরোপ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্স, পুলিশসহ সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে আগেই এভারকেয়ার হাসপাতাল নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ারে আসেন।

জুবাইদা রহমান হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়ার কাছে যান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে ছিলেন।

এর আগে খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান জুবাইদা রহমান।

উল্লেখ্য, চিকিৎসার জন্য আজ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে সেটি ঢাকায় আসতে পারেনি। যার কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে রোববারে চলে গিয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতার নতুন করে এখন একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করেছে। সেটি শরিবার ঢাকায় আসতে পারেন। এছাড়া গতকাল রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও কিছুটা খারাপ হয়েছে। সব কিছু মিলিয়ে নতুন করে আগামী রোববার সম্ভাবনা আছে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা