প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকায় পৌঁছেছেন ডা. জোবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়ার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি ঢাকায় এলেন। আজ (শুক্রবার) বেলা পৌনে ১১টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন তার শাশুড়ি খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি তদারকি করতে এবং তার লন্ডন যাত্রায় সঙ্গী হতে। প্রায় দীর্ঘ ১৭ বছর পর গত মে মাসে একবার খালেদা জিয়ার সঙ্গে দেশে এলেও এবার অসুস্থ শাশুড়িকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য তার এই ঢাকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এদিকে জোবাইদা রহমানের ঢাকায় পৌঁছানোর খবর এলেও, খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সৃষ্ট জটিলতা এখনো কাটেনি। এর আগে আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমিরের পক্ষ থেকে খালেদা জিয়াকে বহন করার জন্য বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসার কথা ছিল, সেটি কারিগরি ত্রুটির কারণে আসছে না।

বিএনপি মহাসচিব জানান, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। তবে যাত্রা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতার ওপর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ উন্নত চিকিৎসার জন্য তিনি দেশ ছাড়বেন।’’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা